প্রশ্ন: সাপের চামড়ার ব্যাগ ব্যবহার করা কি বৈধ?
---------------------------
উত্তর:
সাপের চামড়ার ব্যাগ ব্যবহার করা বৈধ নয়। কেননা ইসলামে কেবল ঐ সকল প্রাণীর চামড়ার তৈরি আসবাব-পত্র ব্যবহার করা বৈধ যেগুলোর গোস্ত খাওয়া হালাল এবং সেগুলো শরীয়ত সম্মত পদ্ধতিতে জবেহ করা হয়েছে। কিন্তু যে সব প্রাণীর গোস্ত খাওয়া হালাল নয় সেগুলোর চামড়া থেকে প্রস্ততকৃত কোন কিছুই বৈধ নয়।
আর কোন হালাল প্রাণী যদি মারা যায় অথবা ইসলামী শরীয়া মোতাবেক জবেহ না করা হয় তাহলে তার চামড়া নাপাক। তবে যদি তা ট্যানিং (বিশেষ পদ্ধতিতে প্রক্রিয়া ও পরিশোধন) করা হয় তাহলে তা পবিত্র হয়ে যায়।
যেমন ইবনে আব্বাস রা. হতে বর্ণিত। তিনি বলেন আমি রাসূল সা. কে বলতে শুনেছি: أَيُّمَا إِهَابٍ دُبِغَ فَقَدْ طَهُرَ
“যে কোন চামড়া ট্যানিং বা প্রক্রিয়াজাত করা হলেই তা পাক হয়ে যায়।” (সহীহুল বুখারী ১৪৯২, ২২২১, ৫৫৩১, ৫৫৩২, মুসলিম ৩৬৩, ৩৬৬, ৬০০)
মায়মূনা (রাঃ) থেকে বর্ণিত। তার মুক্তদাসীকে যাকাত থেকে একটা বকরী দান করেছিলেন। বকরীটি মারা গেলে তা ফেলে দেয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটির পাশ অতিক্রম কালে বলেনঃ
هَلاَّ أَخَذُوا إِهَابَهَا فَدَبَغُوهُ فَانْتَفَعُوا بِهِ
“এরা এর চামড়াটা খুলে নিলো না কেন, এটা প্রক্রিয়াজাত করে কাজে লাগাতে পারতো!”
সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল! এটা তো মৃত। তিনি বলেনঃ
إِنَّمَا حَرُمَ أَكْلُهَا
“মৃত জীব খাওয়া হারাম।” (সহীহ মুসলিম ৩৬৩, ৩৬৪)
সুতরাং উক্ত ট্যানিংকৃত চামড়ার তৈরি জুতা, মোজা, ব্যাগ, বেল্ট ইত্যাদি ব্যবহারে কোন বাধা নেই।
মোটকথা, সাপ, বিচ্ছু, ইদুর ইত্যাদি প্রাণী যেহেতু খাওয়া হারাম সেহেতু এগুলোর চামড়াও অপবিত্র। আর অপবিত্র জিনিস দ্বারা তৈরিকৃত ব্যাগ, জুতা, মোজা ইত্যাদি ব্যবহার করাও বৈধ নয়। আল্লাহু আলাম।
-------------------------
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার KSA

0 Comments